দেশের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী -প্রতিমন্ত্রী।
শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাট ও নীলফামারীর মধ্যবর্তী তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভব্যতা যাচাই কল্পে সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ শুক্রবার দুপুরে তিস্তা ব্যারাজ ও এর আশপাশের নদী অববাহিকা ঘুরে দেখেন। এরপর তারা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিস্তা অববাহিকার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা, টেকসই বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন এবং চলমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিযয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় সরকারের মন্ত্রীগণ ছাড়াও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, লালমনিরহাট, নীলফামারী জেলার জেলা প্রশাসগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশী-বিদেশী বিশেষজ্ঞদের মতামত গ্রহণ ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে একনেকে পাস করে অতিদ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ দৃশ্যমান করা হবে।অপরদিকে বর্তমান সরকারের আমলেই প্রায় ৭০-৮০ভাগ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন,বিদেশী সহায়তার অপেক্ষায় না থেকেও দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।মন্ত্রীদের পরিদর্শন এবং এমন আশ্বাসে নতুন করে আশায় বুক বেধেঁছে তিস্তা পাড়ের মানুষ।#