• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

রাজবাড়ীর ‘গোল মেশিন’ জাহিদুল ইসলাম গাজী স্বপ্ন জাতীয় দলে খেলার

এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ / ৩৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী গ্রামের তরুণ ফুটবলার জাহিদুল ইসলাম গাজী মাঠের দুর্দান্ত পারফরম্যান্সে স্থানীয় ফুটবলপ্রেমীদের নজর কাড়ছেন। গোল করার অসাধারণ দক্ষতা, ক্ষিপ্র গতি, নিখুঁত ড্রিবলিং ও আক্রমণভাগে কার্যকর ভূমিকার কারণে অনেকেই তাকে স্নেহভরে ডাকেন ‘রাজবাড়ীর গোল মেশিন’ নামে।

শৈশব থেকেই ফুটবলের প্রতি গভীর অনুরাগ ছিল জাহিদুল ইসলাম গাজীর। সেই আগ্রহকে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজেকে একজন সম্ভাবনাময় স্ট্রাইকার হিসেবে গড়ে তুলেছেন। মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে এগিয়ে যাওয়া, গোলপোস্টের সামনে ঠান্ডা মাথায় ফিনিশিং এবং সুযোগ তৈরি করার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা জানান, জাহিদুল ইসলাম গাজী শুধু একজন গোলদাতা নন, তিনি একজন কার্যকর প্লে-মেকারও। খেলার পরিস্থিতি বুঝে সতীর্থদের বল বাড়ানো, আক্রমণ সংগঠিত করা এবং দলের প্রয়োজন অনুযায়ী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে তার। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তিনি।

সাধারণ দরিদ্র পরিবারে বেড়ে ওঠা জাহিদুল ইসলাম গাজীর স্বপ্ন, একদিন জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করা। তিনি মনে করেন, কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া সম্ভব।

জাহিদুল ইসলাম গাজী বলেন, “ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। পরিবারের সমর্থন ও সবার দোয়া নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। সুযোগ পেলে দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিতে চাই।”

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পেলে জাহিদুল ইসলাম গাজী ভবিষ্যতে জাতীয় পর্যায়ে রাজবাড়ীর মুখ উজ্জ্বল করবেন। তার সংগ্রাম, নিষ্ঠা ও স্বপ্ন নতুন প্রজন্মের ফুটবলারদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..