
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় মাঠপর্যায়ে কাজ করছে সেনাবাহিনী। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার বলেন, দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। দীঘিনালা জোনের সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্বে নিয়োজিত রয়েছেন, যাতে পূজারিরা নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন।
তিনি আরও বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দীঘিনালায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে সেনাবাহিনীর এ তৎপরতা অব্যাহত রয়েছে।