ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারী বাজার থেকে উচাখিলা বাজারের মধ্যবর্তী পাকা সড়কটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে ছিল। বৃষ্টির ঢলের পানিতে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর ধরে সড়কটি অচল অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট চেয়ারম্যান-মেম্বারসহ কোনো জনপ্রতিনিধি মেরামতের কার্যকর উদ্যোগ নেননি। ফলে এলাকাবাসীকে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হয়েছে।
এ অবস্থায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেন ৮ নম্বর রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম মারুফ। তাঁর পরিকল্পনা ও তত্ত্বাবধানে ‘মানবসেবা ফাউন্ডেশন’ এবং ‘স্বপ্ন ছোঁয়া মানবসেবা সংগঠন’-এর যৌথ উদ্যোগে অবশেষে সড়কটি পুনরায় মেরামত করা হয়।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত সরকারি তত্ত্বাবধানে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।