
ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উত্তীর্ণ করার লক্ষ্যে অধিগ্রহণকৃত জমি, বাড়ি, দোকান কোঠা ও ক্ষতিগ্রস্থ দোকানদারদের ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানি,বৈষম্য ও অসৌজন্যমূলক আচরণে প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে ৪ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ-দক্ষিণ সুরমার উপজেলার সীমানাবর্তি রশিদপুর পয়েন্টে ‘ফরিদপুর, তাজমহরমপুর, রশিদপুর ও আরদিলপুর’ মৌজাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
আগামী ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসূচিতে ভূক্তভোগী বক্তারা বলেন, একদিকে যেমন ওই মৌজাগুলোর সরকার নির্ধারিত দামের চেয়ে আমাদেরকে ক্ষতিপূরণ প্রদানের জন্য যে তালিকা তৈরী করা হয়েছে তা চরম বৈষম্য রয়েছে, অন্যদিকে সরকারি উন্নয়ন ও জনসাধারণের কল্যাণের কথা চিন্তা করে আমরা যখন তাদেরই নির্ধারণকৃত টাকা গ্রহন করতে ইচ্ছুক, তখন তারা আমাদেরকে (এলাকাবাসী) চরমভাবে হয়রাণী করছে। এমনকি ক্ষতিগ্রস্থ মসজিদগুলোর টাকা প্রদানেও তারা এলাকাবাসীর সাথে অবিরত ‘হয়রাণী ও অসৌজন্যমূলক আচরণ’র করছেন। কর্তৃপক্ষের অবহেলার কারণে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এলাকাবাসী। তাই আগামী ১৫ দিনের মধ্যে আমরা আমাদের ক্ষতিপূরণের টাকা না পেলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্ব ও রশিদপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ রফিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনটিতে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন নূর মিয়া, শেখ মোঃ আজাদ, আব্দুল মান্নান, মঈনুল ইসলাম খান, আবু সাঈদ হিরণ, আব্দুল খালিক, হাজী ফারুক মিয়, আরজুমন্দ আলী, সুহেল রানা, জুনাব আলী, জাহাঙ্গীর মিয়া, গৌছ আলী, নজরুল ইসলাম মনির মেম্বার।
মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত গ্রাহক ছাড়াও সিলেটের বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।