
যশোরের কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণমূলক সংগঠন ‘অসকস বাংলাদেশ’-এর সদস্যদের সঙ্গে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের (ডিএএসবি) সচিব লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাহিদুল করিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অসকস বাংলাদেশ, কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সংগঠনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ আরসাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএএসবি, যশোরের সচিব লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাহিদুল করিম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসকস বাংলাদেশ, যশোর জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) মোঃ বাবর আলী।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাহিদুল করিম বলেন, “অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য, শৃঙ্খলার ধারাবাহিকতা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে চলতে হবে।” তিনি দেশের সার্বিক কল্যাণে ও প্রশাসনিক কাজে বেসামরিক প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, কোনো সদস্য কোনো প্রকার প্রশাসনিক বা ব্যক্তিগত সমস্যায় পড়লে নিয়মতান্ত্রিক উপায়ে তা সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ তাঁদের বিভিন্ন পেশাগত ও ব্যক্তিগত সমস্যা, ন্যায়সঙ্গত দাবি-দাওয়া এবং সংগঠনের প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এবং শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দসহ মোট ৮৬ জন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে ডিএএসবি সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।