
রাজশাহী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারির অংশ হিসেবে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) তাদের আওতাধীন এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৯ অক্টোবর ২০২৬) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিজিবির অধীনে থাকা চারঘাট, ইউসুফপুর এবং আলাইপুর বিওপি’র পৃথক তিনটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নিজ নিজ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১০৫ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ এবং ৫২ বোতল ‘জেডি’ (জ্যাক ড্যানিয়েলস) মদ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত এই মালামাল ও মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে ১ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ভারতীয় মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, এই চোরাচালান চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।