
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে জনসাধারণের সুপেয় পানির সংকট নিরসনে প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপনের ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সুপেয় পানির তীব্র প্রয়োজন উপলব্ধি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব স্থানে দ্রুত নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করা প্রয়োজন, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নলকূপ বসানো হবে।
এ উদ্যোগের আওতায় অগ্রাধিকার পাবে স্থানীয় হাটবাজার, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, শ্মশান ঘাট, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান, ঘনবসতিপূর্ণ এলাকা এবং সাধারণ মানুষের চলাচলের প্রধান স্থানসমূহ।
প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি এলাকার সচেতন যুবসমাজ ও স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। যেসব স্থানে পানির সংকট সবচেয়ে বেশি, সেগুলোর সঠিক তথ্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়।
ইউনিয়নবাসীর আশা, এই জনকল্যাণমূলক উদ্যোগটি বাস্তবায়িত হলে স্থানীয়রা দীর্ঘদিনের খাবার পানির কষ্ট থেকে রেহাই পাবেন এবং এলাকার সার্বিক পানির সংকট নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।