
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় ২২টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কার্যক্রম চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।
শনিবার (১৭ অক্টোবর) দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার রামসাগর ও সুন্দরা বারোয়ারী পূজামণ্ডপ পরিদর্শন করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, নিরাপত্তার আওতাভুক্ত ২১১টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১৭০টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৪১টি অবস্থিত। এসব মণ্ডপে নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশ, স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা চলাকালে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোনো সন্দেহজনক ঘটনা নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।